বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৬৬টি পূজা মণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় বাউফল শারদীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের কার্যালয়ে এ অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাউফল পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবিরের নির্দেশনায় দলের পৌর ছাত্রবিষয়ক সম্পাদক ইমাম হাসান পূজা মণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে এ আর্থিক অনুদান তুলে দেন।
এ বিষয়ে পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ইমাম হাসান বলেন, “হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ দুর্গোৎসবে শরিক হতে পেরে আমার খুব ভালো লাগছে। আমি একজন মুসলমান হলেও আমার কাছে মনে হয়েছে, ধর্ম যার যার, উৎসব সবার।”
অনুদান বিতরণী সভায় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায় ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতিতে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাউফল পৌরসভার সাবেক পৌর প্রশাসক ও কেন্দ্রীয় কালীবাড়ির সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা, বাউফল উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ঐক্যফ্রন্টের আহ্বায়ক নিতাই বাবু, সদস্য সচিব রাখাল চন্দ্র দাস এবং ফুলতলা গীতাশ্রমের সভাপতি সুশান্ত সাহা।
এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন পূজা উদ্যাপন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।







