দশমিনা প্রতিনিধি : ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা চলাকালে কর্মহীন হয়ে পড়া পটুয়াখালীর দশমিনা উপজেলার ১৫৫০ জন জেলের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী আবুল কালামের সভাপতিত্বে চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদের, ট্যাগ অফিসার ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মনিরুল হক এবং ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্য-সদস্যাবৃন্দ।
এ সময় জেলেরা জানান, নিষেধাজ্ঞা চলাকালীন নদীতে মাছ ধরা থেকে বিরত থাকায় তাদের পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাতে হয়। এই সংকটময় মুহূর্তে সরকারি এই খাদ্যসহায়তা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রশাসনের কর্মকর্তাদের সরাসরি উপস্থিতিতে সঠিকভাবে ওজন করে চাল বিতরণ করায় তারা সন্তোষ প্রকাশ করেন।
ট্যাগ অফিসার ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মনিরুল হক বলেন, ‘‘জেলেদের মাঝে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে ভিজিএফ’র চাল বিতরণ নিশ্চিত করা হয়েছে। প্রত্যেক জেলে যেন তাদের নির্ধারিত ২৫ কেজি করে চাল সঠিকভাবে পান, সেজন্য ওজন ও বিতরণ কার্যক্রম শুরু থেকে শেষ পর্যন্ত নিবিড়ভাবে তদারকি করা হয়েছে।’’







