দুমকি প্রতিনিধি : আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশের সার্বিক পরিস্থিতি অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।
তিনি বলেন, ‘‘একটি স্বার্থান্বেষী মহল এখন থেকে শুরু করে আগামী ডিসেম্বর পর্যন্ত দেশে সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা করছে। তারা সংঘর্ষ ঘটিয়ে সেই সুযোগে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার অপচেষ্টায় লিপ্ত। তবে দেশবাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানের কারণে তাদের সে উদ্দেশ্য কখনোই সফল হবে না।’’
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে পটুয়াখালীর দুমকি উপজেলার আংগারিয়া ইউনিয়নের সাতানি আমির উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুধী সমাবেশে সভাপতিত্ব করেন দুমকি উপজেলা বিএনপির নেতা মো. জহিরুল ইসলাম খোকন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, কেন্দ্রীয় তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক জে এম আনিসুর রহমান, জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী অধ্যাপক লায়লা ইয়াসমিন, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভানেত্রী জেসমিন জাফর, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান এবং দুমকি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মতিউর রহমান দিপু।
অনুষ্ঠানে দুমকি উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।







