দুমকি প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পায়রা নদীতে ইলিশ শিকার করার অপরাধে দুই জেলেকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে এক কিশোরকে তার স্বজনদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলা মৎস্য অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে পায়রা নদীতে পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, মা ইলিশ সংরক্ষণে সরকারের চলমান নিষেধাজ্ঞা বাস্তবায়নে পায়রা নদীতে নিয়মিত তদারকি ও অভিযান চালায় মৎস্য বিভাগ। অভিযانকালে নদীতে অবৈধ কারেন্ট জাল পেতে ইলিশ শিকার করার সময় হাতেনাতে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃত মো. মজিবর হাওলাদার (৬২) ও মো. উজ্জ্বল হাওলাদারকে (২৬) ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত উভয়ের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে।
অন্যদিকে, অভিযাগে আটক অপর ব্যক্তি মো. সিয়াম (১৩) অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না থাকার শর্তে মুচলেকা নিয়ে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তার বাড়ি পটুয়াখালী জেলার দুমকি উপজেলার লেবুখালী এলাকায়।
উপজেলা মৎস্য অফিস জানিয়েছে, মা ইলিশ রক্ষা এবং অভ্যন্তরীণ নদনদীকে অবৈধ জালের হাত থেকে মুক্ত রাখতে জেলা ও উপজেলা প্রশাসনের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।







