দুমকি প্রতিনিধি : ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘জাতীয় মৎস্যপক্ষ ২০২৬’ এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ সূচনা করেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।
সকালে মাৎস্যবিজ্ঞান অনুষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নীলকমল লেকপাড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে লেকে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মৎস্যপক্ষের উদ্বোধন করেন উপাচার্য।
মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সাজেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপ-উপাচার্য ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার প্রফেসর মো. জামাল হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।







