কলাপাড়া প্রতিনিধি : পর্যটন কার্নিভাল উপলক্ষে পটুয়াখালীর সমুদ্রসৈকত কুয়াকাটায় নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বিচ ম্যারাথন ও পিঠা উৎসব।
শনিবার (২৪ অক্টোবর) ভোর পাঁচটায় কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট থেকে এ দৌড় শুরু হয়ে গঙ্গামতি গিয়ে শেষ হয়। দীর্ঘ ৬ কিলোমিটারের এই ম্যারাথনে প্রায় ৮ থেকে ৯ শত পর্যটক অংশ নেন। দৌড় শেষে সেখানে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী পিঠা উৎসবের। হরেক রকমের সুস্বাদু পিঠার স্বাদ ও ঘ্রাণে উৎসবস্থলে ছড়িয়ে পড়ে গ্রামবাংলার চিরচেনা রূপ ও রূপসী আবহ।
ম্যারাথনে অংশগ্রহণকারীরা ভোরের স্নিগ্ধ পরিবেশ, সমুদ্রের উত্তাল ঢেউ এবং সূর্যোদয়ের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন। তবে একই সাথে কার্নিভালের কিছু অব্যবস্থাপনা নিয়ে অনেক অংশগ্রহণকারী অসন্তোষ প্রকাশ করেছেন।
দুই দিনব্যাপী এই উৎসবের প্রথম দিনে ঘুড়ি উৎসব, চিত্রাঙ্কন ও বিচ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাতে পরিবেশিত হয় চিত্রনায়িকা পূর্ণিমার স্টেজ শো, চিশতি বাউল ও প্রীতম হাসানের সঙ্গীত পরিবেশনা এবং সাদ্দাম মালের কমেডি শো।
দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হচ্ছে ভলিবল ম্যাচ, সেলেব্রিটি ক্রিকেট এবং সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামীকাল ভোরে সৈকত পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে শেষ হবে দুই দিনব্যাপী এই পর্যটন কার্নিভাল।
তবে পর্যটন কার্নিভাল ঘিরে প্রত্যাশা অনুযায়ী পর্যটকের আগমন ঘটেনি বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।







