দুমকি প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে দ্বিতীয় শ্রেণির এক মাদ্রাসাশিক্ষার্থীকে (৮) ধর্ষণের চেষ্টার অভিযোগে সোহাগ হাওলাদার (৩০) নামের এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
শনিবার (৮ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার পাংগাশিয়া ইউনিয়ন এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। আটককৃত সোহাগ হাওলাদার দক্ষিণ পাংগাশিয়া এলাকার মিজু হাওলাদারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পাংগাশিয়া মডেল নূরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ওই শিক্ষার্থী ছুটি শেষে বাড়ি ফিরছিল। পথিমধ্যে পাংগাশিয়া স্ব-মিল এলাকার দক্ষিণ পাশে শিশুটিকে একা পেয়ে অভিযুক্ত সোহাগ জোরপূর্বক রাস্তার পাশের একটি বাগানের ভেতর টেনেহিঁচড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।
এ সময় ওই পথ দিয়ে যাওয়া এক অটোরিকশাচালক বাগানের ভেতর ধস্তাধস্তির দৃশ্য দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে অটোরিকশা থামিয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন এবং অভিযুক্ত সোহাগকে হাতেনাতে ধরে ফেলেন। পরে উত্তেজিত জনতা তাকে আটকে রেখে পুলিশে খবর দেন।
খবর পেয়ে দুমকি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সোহাগ হাওলাদারকে নিজেদের হেফাজতে নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, স্থানীয় লোকজনের সহযোগিতায় অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আসামির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।







