কলাপাড়া প্রতিনিধি : নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, ট্রলিং ট্রলারের বিষয়টি নিয়ে সবাইকে আরও সচেতন হওয়া উচিত। দিনশেষে অভিযোগের তীর রাজনৈতিক দলের দিকেই আসে। ট্রলিং এই এলাকার মতো আমাদের এলাকায়ও একই সমস্যা। ট্রলিং ট্রলার বন্ধ না হলে দেশের ক্ষতি, মানুষের ক্ষতি, নেতৃত্বের ক্ষতি এবং সর্বোপরি ভোটের ক্ষতি।
রোববার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় মহিপুর বিএফডিসি মার্কেটে নৌযান শুমারি উপলক্ষে আয়োজিত জেলেদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সামনে বেশ কিছু নির্বাচন রয়েছে, মানুষের কাছে ভোট চাইতে হবে, ভোটার কিন্তু এরাই। হাত পাততে হবে। সুতরাং হাত বাড়ানোর মতো অবস্থা যেন আমাদের থাকে, এই বিষয়টি সবাইকে খেয়াল রাখতে হবে। আশা করি মানুষের অনুভূতিগুলো নিয়ে আমরা কাজ করব।
জেলেদের কল্যাণে সরকারের বিভিন্ন পদক্ষেপে কথা উল্লেখ করে তিনি আরও বলেন, জেলেদের সুবিধার্থে খাপড়াভাঙ্গা নদীতে ড্রেজিং এবং একটি লাইটহাউস নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
মতবিনিময় সভায় নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর শফিউল বারী ও পায়রা বন্দরের সদস্য কমডোর তারেকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা এবং স্থানীয় বিএনপির নেতাকর্মী ও বিপুলসংখ্যক জেলে উপস্থিত ছিলেন।
সভা শেষে প্রতিমন্ত্রী রাজিব আহসান খাপড়াভাঙ্গা নদী এবং জেলেদের বিভিন্ন ট্রলার পরিদর্শন করেন।







