মির্জাগঞ্জ প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব ইউনিয়নে ছাত্রদলের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (২৩ আগস্ট) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে বলা হয়, পটুয়াখালী জেলা শাখার অধীন মির্জাগঞ্জ উপজেলার ইউনিয়ন কমিটিগুলো গঠনে যথাযথ সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। এই নিয়মতান্ত্রিক ব্যত্যয়ের কারণেই উপজেলার সব ইউনিয়ন কমিটি বাতিল করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে।
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। প্রেস বিজ্ঞপ্তিটি ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরে প্রকাশ করা হয়।
উল্লেখ্য, এর আগে গত ১৭ আগস্ট মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি আবুল বাশার মোকলেচ ও সাধারণ সম্পাদক নাজমুল মৃধা স্বাক্ষরিত চারটি ইউনিয়ন কমিটি এবং ২১ আগস্ট আরও দুটি ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়েছিল।
এর বিপরীতে উপজেলা ছাত্রদলের সিনিয়ার সহ-সভাপতি রাজিব হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন স্বাক্ষরিত ৫টি ইউনিয়নে পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করা হয়।
এসব অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও গঠনতান্ত্রিক প্রক্রিয়া না মানার অভিযোগের প্রেক্ষাপটে কেন্দ্রীয় সংসদ এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করল।







