দশমিনা প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য মো. লেলিনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত দুর্বৃত্ত এবং এলাকার চিহ্নিত মাদক কারবারিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেওয়া হয়েছে। অন্যথায় কঠোর আন্দোলন হিসেবে থানা ঘেরাও করার হুশিয়ারি দিয়েছেন বক্তারা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সচেতন নাগরিক সমাজের আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে এ হুশিয়ারি দেওয়া হয়।
মানববন্ধনে উপজেলা শ্রমিক অধিকারের আহবায়ক মো. ইলিয়াছ হোসেন রাকিব বলেন, ‘‘বর্তমানে রাষ্টক্ষমতায় বিএনপি। অথচ তাদেরই একটি অংশ বা বাহুবলের ক্ষমতার অপব্যবহার করে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী সিন্ডিকেট গড়ে তুলেছে। তাদের দ্বারাই আজ বিএনপি নেতারা হামলার শিকার হচ্ছেন, যা আমরা কল্পনাও করতে পারিনি। প্রশাসনকে স্পষ্ট বলতে চাই, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিয়ে থানা ঘেরাও করতে বাধ্য হব।’’
উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি কে এম ইমরান শাহীন তার বক্তব্যে বলেন, ‘‘৫ আগস্টের পর দেশের মানুষ যখন শান্তিতে ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার কথা, তখন কিছু চাঁদাবাজ, দখলবাজ ও মাদক ব্যবসায়ী সাধারণ মানুষের মনে অশান্তি সৃষ্টি করছে। দশমিনার সুন্দর পরিবেশ যারা বিঘ্নিত করার চেষ্টা করবে, সুশীল সমাজ তাদের বিন্দু পরিমাণ ছাড় দেবে না।’’
এ সময় তিনি পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের এমপি ও মন্ত্রী মো. নুরুল হক নুরকে এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জুয়েল আমিন, উপজেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি আফজাল হোসেন, দেলোয়ার পঞ্চায়েত, সাংগঠনিক সম্পাদক মাতুব্বরসহ উপজেলা বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী এবং সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা।
এর আগে গত ২৪ আগস্ট রাত দেড়টার দিকে ২ নম্বর আলীপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. লেলিনের সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা যুবদল সমর্থক তালহা তুহিনের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে লেলিন আহত হন। খবর পেয়ে স্থানীয় গণঅধিকার পরিষদ ও বিএনপির নেতারা তাকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠান।
এ ঘটনায় আহত লেলিনের পক্ষে মোসাম্মৎ আসমা বেগম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ জনের বেশি ব্যক্তিকে আসামি করে দশমিনা থানায় একটি এজাহার দায়ের করেন।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় ইতোমধ্যে মামলার একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।







