দশমিনা প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উৎসবমুখর ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে উদযাপিত হয়েছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৪তম জন্মতিথি উপলক্ষে দেশব্যাপী আয়োজনের অংশ হিসেবে দশমিনার স্থানীয় মন্দির ও সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে দিনটি ঘিরে নানাবিধ মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় নলখোলা সর্বজনীন কেন্দ্রীয় কালী মন্দির থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে মন্দির আঙিনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট উত্তম কুমার কর্মকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেবাশীষ মজুমদার রতনের পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন পূজা উদযাপন ঐক্যফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট তপন কুমার দেবনাথ, সাধারণ সম্পাদক শুভময় রায়, দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আবুল বশার। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সর্বস্তরের বিপুলসংখ্যক নারী-পুরুষ ভক্তবৃন্দ এতে অংশ নেন।
আলোচনা সভা শেষে উপস্থিত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল গীতা পাঠ, ভক্তিমূলক গান ও নৃত্য প্রতিযোগিতা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।







