পটুয়াখালী পৌরসভা এলাকায় সদর থানা পুলিশের এক বিশেষ মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৯২০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৩ হাজার ৬০০ টাকাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে পটুয়াখালী পৌরসভার পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন একটি হোটেলের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন পটুয়াখালী সদর উপজেলার বাসিন্দা মো. ইমাম হাসান তামিম ও মো. জামাল মল্লিক।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে পটুয়াখালী পৌর এলাকায় অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন এক হোটেলের ২য় তলার ৪ নম্বর কক্ষে মাদক লেনদেন চলছে। খবর পেয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে এসআই (নিঃ) মো. শহিদুল ইসলামসহ পুলিশের একটি চৌকস দল রাত ৯টা ১০ মিনিটে ওই স্থানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই ইমাম হাসান তামিম ও জামাল মল্লিককে ধরে ফেলে পুলিশ। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে ইমাম হাসান তামিম তার কাছে থাকা ১ হাজার ২০০ পিস ইয়াবা ও ৩ হাজার ৬০০ টাকা এবং জামাল মল্লিক ৭২০ পিস ইয়াবা পুলিশের কাছে সমর্পণ করেন। পরে রাত ৯টা ৪৫ মিনিটে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সাজেদুল ইসলাম জানান, আটকদের জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। একই সাথে ঘটনার সাথে জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং সিন্ডিকেটের বাকি সদস্যদের শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।







