কলাপাড়া প্রতিনিধি : দীর্ঘ দুই বছরের দীর্ঘ বিরতি পেরিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনালে সরাসরি নোঙ্গর করেছে চীনের পতাকাবাহী কার্গো জাহাজ ‘‘ফান ঝৌ-৬’’।
বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বন্দরের নিজস্ব প্রয়োজনের আমদানি করা আধুনিক ৫টি কার্গো হ্যান্ডিলিং ইকুইপমেন্ট নিয়ে জাহাজটি সরাসরি জেটিতে ভিড়ে।
বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা বন্দরের প্রথম টার্মিনালে কার্গো ও কন্টেইনার হ্যান্ডিলিং কার্যক্রম আরও গতিশীল, আধুনিক এবং সময়োপযোগী করতেই মূলত এই ইকুইপমেন্টগুলো সংগ্রহ করা হয়েছে।
ইকুইপমেন্টগুলো হলো ৮০ টন ধারন ক্ষমতা সম্পন্ন দুটি কোয়ে গ্যান্টি ক্রেন, ৪০ টন ধারন ক্ষমতা সম্পন্ন দুটি টায়ার্ড গ্যান্টি ক্রেন ও ৮০ হাজার টন ক্ষমতা সম্পন্ন একটি মোবাইল হারবার ক্রেন।
জাহাজটির অপারেশনাল সূত্র জানায়, ১৬৮ মিটার দৈর্ঘ্য এবং ৬ মিটার গভীরতার এ জাহাজটি গত ১৮ সেপ্টেম্বর চীনের পিংতান বন্দর থেকে পায়রা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে এবং সফলভাবে গন্তব্যে পৌঁছায়।
এর আগে পায়রা বন্দরের প্রথম টার্মিনালে সরাসরি বড় জাহাজ ভেড়ার তথ্য তুলে ধরে বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল সৈয়দ সাইফ-উল ইসলাম জানান, এর ধারাবাহিকতায় ইতিপূর্বে ২০২৪ সালের ১৫ মে ৫০ হাজার মেট্রিক টন পাথর নিয়ে ‘এমভি জেইন’ এবং একই বছরের ১ নভেম্বর ৪৮ হাজার মেট্রিক টন পাথর নিয়ে অপর মাদারভ্যাসেল ‘এমভি ডা হং-১৬’ সরাসরি বন্দরের প্রথম টার্মিনালে বার্থিং করে পণ্য খালাস করেছিল।
বন্দর কর্তৃপক্ষ আরও জানায়, রাবনাবাদ চ্যানেলের নাব্যতা সংকট নিরসনে নিয়মিত ড্রেজিং কার্যক্রম পরিচালনার পাশাপাশি পায়রা বন্দরকে একটি আধুনিক ও ডিজিটালাইজড সমুদ্র বন্দর হিসেবে গড়ে তুলতে বর্তমান পরিচালনা পর্ষদ বহুমুখী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।







