ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর শুভ উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত সভায় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ, জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট নাজমুল আহসান, জেলা বিএনপি নেতা মাকসুদ আহম্মেদ বায়েজিদ পান্না, জেলা বিএনপি নেতা মোশতাক আহম্মেদ পিনু এবং গণঅধিকার পরিষদের জেলা সেক্রেটারি শাহআলম শিকদার, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ার হোসেন।
এছাড়াও সভায় জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, স্থানীয় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, বাংলাদেশ স্কাউটস, রোভার স্কাউটস এবং স্থানীয় বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সভা শেষে জেলা প্রশাসনের সরাসরি নেতৃত্বে শহরের ফরেস্ট কলোনি সংলগ্ন পুকুর এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্থানীয় স্বেচ্ছাসেবক ও পরিচ্ছন্নতাকর্মীরা হাতে-কলমে অংশ নেন।
এ সময় এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস, ঝোপঝাড় পরিষ্কার এবং মশক নিধন স্প্রে ছিটানোর কাজ করা হয়।
মিডিয়া কর্মীদের উদ্দেশ্যে পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ১২ সেপ্টেম্বর থেকে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত মোট তিন মাসব্যাপী এই কর্মসূচি পরিচালিত হবে। এই সময়ের মধ্যে পটুয়াখালী জেলা, উপজেলা ও পৌরসভা পর্যায়ে নিয়মিত বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, এডিস মশার লার্ভা নিধন, সচেতনতামূলক লিফলেট বিতরণ ও মাইকিং কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে।







