কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর মহিপুর থানার আলীপুর মৎস্যবন্দর থেকে মাছ ধরতে গিয়ে গভীর বঙ্গোপসাগরে ১৫ জন জেলেসহ ‘এমবি মায়ের দোয়া-৬’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। তবে ভাগ্যক্রমে কাছাকাছি থাকা অন্য একটি ট্রলারের সহায়তায় ১৫ জন জেলেকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে প্রায় ৪৫ কিলোমিটার গভীরে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে নিখোঁজ ট্রলারটির সন্ধান পাওয়া যায়নি।
ঘটনার বিবরণ দিয়ে ট্রলারটির মাঝি মূসা জানান, সকালে আলীপুর বন্দর থেকে তাদের ট্রলারটি মাছ ধরার উদ্দেশ্যে সাগরের দিকে রওনা দেয়। কিন্তু সাগরে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি। তীব্র ঢেউয়ের আঘাতে ট্রলারটির তলা ফেটে যায় এবং দ্রুত পানি ঢুকতে শুরু করে। মুহূর্তের মধ্যেই ট্রলারটি ডুবতে থাকলে জেলেরা সাগরে ভেসে থাকেন। পরবর্তীতে পাশ দিয়ে যাওয়া অন্য একটি মাছ ধরার ট্রলার তাদের ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত এগিয়ে আসে এবং ১৫ জন জেলেকেই অক্ষত অবস্থায় উদ্ধার করে।
ট্রলারের মালিক মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাছ ধরতে যাওয়ার পরই এই দুর্ঘটনার খবর পান তিনি। জেলেরা নিরাপদে উদ্ধার হলেও ট্রলারটি সাগরে তলিয়ে গেছে। বর্তমানে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) মনিরুজ্জামান বলেন, “গভীর সমুদ্রে ট্রলারডুবির খবর পাওয়ার পরপরই আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। সাগরে থাকা ১৫ জন জেলেকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, যা অত্যন্ত স্বস্তির। নিখোঁজ ট্রলারটি উদ্ধারের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।”







