কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় পল্লী বিদ্যুতের ঝুঁকিপূর্ণ ছেঁড়া তারে স্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন (৩৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কলাপাড়া পৌর শহরের এতিমখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার ওই এলাকার মৃত এন্তাজ মাস্টারের ছেলে।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আনোয়ারদের বসতঘরের ওপর পল্লী বিদ্যুতের সংযোগের একটি তার ছিঁড়ে টিনের চালে পড়েছিল। বিপদ এড়াতে পরিবারের পক্ষ থেকে পল্লী বিদ্যুৎ অফিসে বারবার ফোন করে বিষয়টি জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বা পল্লী বিদ্যুতের লোক ঘটনাস্থলে আসেনি।
পরবর্তীকালে শুক্রবার দুপুরে আনোয়ার নিজের বসতঘর পরিষ্কার করার একপর্যায়ে দুর্ঘটনাবশত বিদ্যুৎস্পৃষ্ট টিনের বেড়ার সংস্পর্শে এসে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, ঘটনার পরপরই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের অভিযোগ ও সার্বিক বিষয় পর্যালোচনা করে আইনানুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।







