গলাচিপা প্রতিনিধি : জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সন্ত্রাসী হামলা ও অবৈধ জমি দখলের অভিযোগে পটুয়াখালীর গলাচিপা সরকারি কলেজের পিয়ন ও ওয়ারেন্টভুক্ত আসামী মো. আনোয়ার দেওয়ানের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টায় গলাচিপা প্রেসক্লাব কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মো. মাসুম বিল্লাহ সোহাগ দেওয়ান। তিনি অভিযোগ করে বলেন, গত ১২ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টার দিকে সোহাগ দেওয়ান, রাসেল খলিফা ও রাজিব খলিফা গলাচিপা সরকারি কলেজের সামনে দিয়ে বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে তাঁদের ওপর হামলা চালানো হয়। আনোয়ার দেওয়ান, কামাল, মিজানুর, ইব্রাহিম ও সেকান্দার দেওয়ানের নেতৃত্বে ৭-৮ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী তাঁদের পথরোধ করে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রাজিব খলিফার ডান হাতের হাড় ভেঙে দেয়।
এ ঘটনার পর দিন (১৩ সেপ্টেম্বর) মো. রাসেল খলিফা বাদী হয়ে মো. আনোয়ার দেওয়ানসহ ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামী করে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সোহাগ দেওয়ান আরও অভিযোগ করেন যে, অভিযুক্ত আনোয়ার দেওয়ান ও তাঁর পরিবার বিগত সরকারের আমলে প্রভাব খাটিয়ে অবৈধভাবে সরকারি খাস জমি এবং স্থানীয় একাধিক ব্যক্তির দলিলকৃত জমি দখল করে নিয়েছেন। এছাড়া ক্ষমতার দাপট দেখিয়ে তাঁদের পরিবারের আটজন সদস্যকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পাইয়ে দেওয়া হয় বলেও উল্লেখ করা হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, আনোয়ার দেওয়ানের ভাই ও গলাচিপা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পিয়ন মো. মিজানুর স্থানীয় সেচ কাজে ব্যবহৃত প্রবাহমান সরকারি খাস খালে বাঁধ দিয়ে মাছ চাষ ও বৃক্ষরোপণ করেছেন। এতে ওই অঞ্চলের শত শত কৃষকের কৃষি কাজ ব্যাহত হচ্ছে এবং অনেক পরিবার পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত হামলার শিকার মো. রাজিব খলিফা ও অপর ভুক্তভোগী পিয়ারা বেগম অভিযুক্ত আনোয়ার দেওয়ানের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাঁদের অন্যায়ভাবে দখল হওয়া সম্পত্তি উদ্ধারের জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের বিষয়ে জানতে ওয়ারেন্টভুক্ত আসামী আনোয়ার দেওয়ানের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে জানতে চাইলে গলাচিপা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. লিয়াকত আলী জানান, কলেজের নিয়মিত অধ্যক্ষ মো. ফোরকান কবির বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। তিনি সুস্থ হয়ে ফিরলে বিষয়টি নিয়ে পরবর্তীতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, ‘‘মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আনোয়ার দেওয়ানকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’’







