দুমকি প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনব্যাপী কাব স্কাউট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ‘কাব হলিডে’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশ স্কাউটস্ দুমকি উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ মাঠ ও মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও দুমকি উপজেলা স্কাউটসের সহ-সভাপতি সুনীল চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘কাব হলিডে’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও দুমকি উপজেলা স্কাউটসের সভাপতি আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী।
উপজেলা স্কাউটস সম্পাদক স্কাউটার মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার (প্রোগ্রাম) প্রণব কুমার মন্ডল, আঞ্চলিক সম্পাদক মো. ফারুক আলম ও আঞ্চলিক যুগ্ম সম্পাদক মো. কামরুজ্জামান।
অনুষ্ঠানে প্রোগ্রাম পরিদর্শনে আসেন পটুয়াখালী জেলা স্কাউটসের উপ-পরিচালক মো. ইকবাল হাসান ও জেলা স্কাউট সম্পাদক মো. বশির উদ্দিন।
দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে কোর্স লিডারের দায়িত্ব পালন করেন দুমকি উপজেলা স্কাউটস কমিশনার মো. নুরুল ইসলাম। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মোসা. খায়রুন নাহার (এলটি), জেলা স্কাউটসের সহকারী কমিশনার মো. হারুন অর রশিদ, জেলা কাব স্কাউট লিডার শাহনাজ পারভীন এবং উপজেলা স্কাউট লিডার মো. বশিরুল আলম।
এ কর্মশালায় উপজেলার ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের ১৮০ জন কাব স্কাউট এবং ৩০ জন কাব লিডার অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে সফলভাবে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।







