দুমকি প্রতিনিধি : জাপান সোসাইটি ফর দ্য প্রমোশন অব সায়েন্স (JSPS) এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (UGC) যৌথ গবেষণা প্রকল্পের অংশ হিসেবে জাপানের ঐতিহ্যবাহী তোহোকু বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে বাংলাদেশের একটি প্রতিনিধিদল। উচ্চশিক্ষায় আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে অক্টোবরের প্রথম সপ্তাহে এ সফর অনুষ্ঠিত হয়।
প্রকল্পটির বাংলাদেশ অংশের প্রধান গবেষক হিসেবে দায়িত্ব পালন করছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ও অস্ট্রেলিয়ার নিউ ইংল্যান্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শামীম মিয়া।
পবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম-এর নেতৃত্বে সফরে অংশ নেওয়া অন্য সদস্যরা হলেন—বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (BARI) পরিচালক ড. হাবিব মোহাম্মদ নাসের।
জাপান অংশের গবেষক প্রধান ও তোহোকু বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান ল্যাবরেটরির অধ্যাপক ড. তমো ইউকো মেকিনো-এর আমন্ত্রণে বাংলাদেশি প্রতিনিধিদলটি তোহোকু বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অত্যাধুনিক গবেষণাগার, উচ্চতর শিক্ষা কেন্দ্র এবং মাঠপর্যায়ের গবেষণা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে।
সফরকালে দুই দেশের গবেষকদের অংশগ্রহণে একটি যৌথ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মৃত্তিকাবিজ্ঞান, টেকসই কৃষি ও পরিবেশ বিজ্ঞানের সাম্প্রতিক নানা অগ্রগতি এবং মাঠপর্যায়ের গবেষণা পদ্ধতি নিয়ে বিশদ আলোচনা করা হয়।
সংশ্লিষ্টরা জানান, JSPS-UGC যৌথ গবেষণা প্রকল্পের অধীনে অনুষ্ঠিত এ সফর বাংলাদেশ ও জাপানের গবেষকদের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি পবিপ্রবিসহ বাংলাদেশের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানগুলোর সাথে জাপানের একাডেমিক নেটওয়ার্ক আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।







