কলাপাড়া প্রতিনিধি : “ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিতে সিপিপি (ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি) কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক, উপজেলা সমবায় কর্মকর্তা মো আব্বাস আলী, যুব-উন্নয়ন কর্মকর্তা মো জুলহাস উল আযাদ, এনজিও প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি হ্রাসে পারিবারিক পর্যায় থেকে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে অগ্নিকাণ্ড রোধ ও দুর্যোগকালীন করণীয় সম্পর্কে সচেতন করতে ফায়ার সার্ভিস কর্মীদের উদ্যোগে এক মহড়া অনুষ্ঠিত হয়।







