দুমকি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদ সেমিনার কক্ষে শনিবার (১ আগস্ট) সকাল ১১টায় ১৩০২তম ‘ইয়ুথ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।
“Building Youth Leadership on Pluralism and Social Harmony” বা “বহুত্ববাদ ও সামাজিক সম্প্রীতিতে তরুণ নেতৃত্বের বিকাশ” শীর্ষক এ কর্মশালার আয়োজন করে ‘সুজন’ (সুশাসনের জন্য নাগরিক) ও ‘দি হাঙ্গার প্রজেক্ট’।
সুজনের পটুয়াখালী জেলা সভাপতি মানস কান্তি দও-এর সভাপতিত্বে এবং দি হাঙ্গার প্রজেক্টের এরিয়া কো-অর্ডিনেটর হাদিউজ্জামান সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুজন পটুয়াখালী জেলা প্রচার সম্পাদক আব্দুল কাইয়ুম, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ট্রেনিং ইউনিটের প্রোগ্রাম কো-অর্ডিনেটর তুহিন আফসারি, সিনিয়র প্রোগ্রাম অফিসার সোহেল রানা, বরিশাল অঞ্চলের রিজিওনাল কো-অর্ডিনেটর মোহাম্মদ শুভ, পটুয়াখালী জেলা সমন্বয়কারী মো. নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম বলেন, ‘‘এ বিশেষ কর্মশালায় উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমাদের বাংলাদেশ একটি বৈচিত্র্যময় দেশ। এখানে বিভিন্ন ধর্ম, বর্ণ, গোষ্ঠী ও সংস্কৃতির মানুষ যুগ যুগ ধরে বসবাস করে আসছে। বহুত্ববাদ বা pluralism মানে কেবল সহাবস্থান নয়, এর অর্থ হলো একে অপরের ভিন্নতাকে শ্রদ্ধা করা এবং সেই বৈচিত্র্যকে উদযাপন করা। আর এই বহুত্ববাদের ওপর ভিত্তি করেই গড়ে ওঠে একটি টেকসই সামাজিক সম্প্রীতি বা social harmony।’’
তিনি আরও বলেন, “একটি সমাজ বা রাষ্ট্র কতটা মানবিক এবং প্রগতিশীল হবে, তা নির্ভর করে সেই দেশের তরুণ প্রজন্মের ওপর। তোমরাই দেশের ভবিষ্যৎ। নেতৃত্ব কেবল পদ-পদবী বা ক্ষমতার বিষয় নয়; নেতৃত্ব হলো দায়িত্ববোধ, সহানুভুতি এবং পরিবর্তনের আলো ছড়ানোর ক্ষমতা।” এ সময় তিনি তরুণ সমাজকে নতুন বাংলাদেশ গড়ার উদাত্ত আহ্বান জানান।







