বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এবং পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, বিগত সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সোমবার (৩ আগস্ট) সকাল ১১টায় পটুয়াখালী সরকারি কলেজের প্রফেসরস লাউঞ্জে শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলতাফ হোসেন চৌধুরী বলেন, “কোনো জাতিকে ধ্বংস করতে রকেট বা বোমার প্রয়োজন হয় না; ওই জাতির শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিলেই যথেষ্ট।” দক্ষিণ আফ্রিকার প্রয়াত প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার এই বক্তব্য উল্লেখ করে তিনি দাবি করেন, বিগত সরকার বাংলাদেশে সেই নীতিই অনুসরণ করেছে। তিনি বলেন, ধ্বংসপ্রাপ্ত শিক্ষাব্যবস্থাকে পুনর্গঠনে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও আদর্শ সম্পর্ক একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশকে সমৃদ্ধ করে। পিতামাতার পর শিক্ষকের স্থান—এই মূল্যবোধ শিক্ষার্থীদের ধারণ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
পটুয়াখালী সরকারি কলেজের অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে আলতাফ হোসেন চৌধুরী জানান, কলেজের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে এবং প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মাহবুবা আখতারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষক পরিষদের সম্পাদক আলী হায়দার, সাবেক সম্পাদক শাকির হোসেন, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ ফরিদ হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জালাল উদ্দীন, কলেজ শাখা ছাত্রদলের সহ-সভাপতি ছায়েম বিশ্বাস এবং কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি যোবায়ের হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি এবং যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল আমিন সুজনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
এর আগে সকালে পটুয়াখালী সরকারি কলেজ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন আলতাফ হোসেন চৌধুরী। পরে দুপুরে পটুয়াখালী পৌরসভা কার্যালয় পরিদর্শন এবং পৃথক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। সেখানে পটুয়াখালী পৌরসভার প্রশাসক ও উপপরিচালক (উপসচিব) জুয়েল রানা উপস্থিত ছিলেন।
সকালে তিনি সম্প্রতি প্রয়াত জেলা তাঁতীদলের সভাপতি রফিকুল ইসলাম জুয়েল এবং সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহবুব আলমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং মরহুমদের রুহের মাগফিরাত কামনা করেন।







