কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া উপকূলীয় অঞ্চলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে স্বাস্থ্যসম্মত উপায়ে গোলপাতার গুড় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাষীদের প্রশিক্ষণ ও গোলের গুড় তৈরির উপকরণ বিতরন করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) শেষ বিকেলে গোলপাতার গুড় উৎপাদন বৃদ্ধির জন্য প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার চাকামইয়া, নীলগঞ্জ, টিয়াখালী, মিঠাগঞ্জ, মহিপুর, ডালবুগঞ্জ ইউনিয়নের ২৪০ চাষীকে গোলের গুড় তৈরির উপকরণ দেয়া হয়েছে। যার মধ্যে রয়েছে রস জ্বাল দেয়ার সিলভারের ডোংগা, কলস, লোহার দা সহ ৮ প্রকারের অন্যান্য প্রয়োজনীয় উপকরণ।
কলাপাড়া উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপকরণ বিতরন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আরিফুজ্জামান, কৃষি কর্মকর্তা মো. আরাফাত হোসেন, সিপিপি’র সহকারী পরিচালক মো. আছাদ উজ্জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম, সমবায় কর্মকর্তা মো. আব্বাস আলী, পৌর বিএনপি’র সভাপতি গাজী মো. ফারুক প্রমূখ।
এর আগে বুধবার সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে প্রথম ব্যাচে ৬০ জন চাষীকে প্রশিক্ষণ দেয়া হয়। চাষীদের এ প্রশিক্ষণ উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ড. রতন কুমার গণপতি, উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা, বিএসআরআই, বরিশাল, সহ ৬ জন বিশেষজ্ঞ।
